Editors Choice

3/recent/post-list

বাজারে কত ধরনের চাঁদাবাজ আছে, জানালেন অর্থ উপদেষ্টা

 বাজারে কত ধরনের চাঁদাবাজ আছে, জানালেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যেকোনো বাজারে গেলে সাধারণত দুই-তিন ধরনের চাঁদাবাজ পাওয়া যায়। তাদের মধ্যে কিছু চাঁদাবাজ আগের সরকারের, কিছু ভবিষ্যৎ সরকারের চাঁদাবাজ এবং কিছু স্থানীয় চাঁদাবাজ। তারা একে অপরের সঙ্গে সমঝোতা করে চাঁদাবাজি করেন।

তিনি আরও বলেন, ‘‘আমি নিজে কারওয়ান বাজারে গিয়েছি। সেখানে দেখেছি চাঁদাবাজি তিন ভাগে ভাগ করা; সবার মধ্যে সমঝোতা আছে। অথচ আমাকে বলা হচ্ছে, ‘সিন্ডিকেট ভাঙো’।’’

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, কিন্তু চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না, এর পেছনে একটি বড় কারণ হচ্ছে চাঁদাবাজির সমঝোতা।’’ তিনি আরো বলেন, ‘‘যখন উৎপাদক এবং ভোক্তার মধ্যে দাম কমানোর চেষ্টা করা হয়, তখন মাঝে যে বাড়তি দাম আসে তা অকারণে হয়। বাজারে যখন পণ্য এসে পৌঁছায়, তখন কিছু মধ্যবর্তী লোক পণ্যবাহী ট্রাক থেকে অতিরিক্ত অর্থ দাবি করেন, যা আসলে চাঁদাবাজি।’’ উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘‘পাঁচ লাখ টাকার পেঁয়াজবোঝাই ট্রাক বাজারে এলে তা একস্থানে দাঁড়িয়েই সাত লাখ টাকায় বিক্রি হয়ে যায়।’’

এরপর, সালেহউদ্দিন আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, ‘‘বাংলাদেশে দুর্নীতি এত ব্যাপক হয়েছে, যা অন্যান্য দেশে সচরাচর দেখা যায় না।’’ তিনি অভিযোগ করেন, ‘‘সরকারের নিয়ন্ত্রণের ব্যর্থতা রয়েছে এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। নীতিনির্ধারক, আমলা এবং ব্যবসায়ীরা সবাই মিলে নিয়ম ভেঙেছেন।’’

শেয়ারবাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘‘সাকিবকে জরিমানা করা হয়েছে, সবাই শোচনীয় ভাবে বলছেন, এত বড় খেলোয়াড়কে জরিমানা করা হলো। কিন্তু তাকে তো দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।’’ তিনি উল্লেখ করেন, ‘‘সবার জানা যে শেয়ারবাজারে কিভাবে কারসাজি হয়। আইসিবি মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে চলে গেল, যা আমাদের সবার টাকা ছিল। তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন যখন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন কিছুটা ব্যথা তো লাগবেই, সবসময় তো অ্যানেসথেসিয়া দিয়ে সব অপারেশন করা যায় না।’’

অনুষ্ঠানে বক্তৃতা দেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘অন্তবর্তী সরকার সঠিকভাবেই সংস্কার উদ্যোগ নিয়েছে, এবং নির্বাচনের আগে এসব সংস্কার শেষ করা প্রয়োজন।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা যদি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারি, তবেই সংস্কারের পথ আরও গভীরভাবে কার্যকর হবে এবং রাজনীতির পথরেখা সুগম করা সম্ভব হবে।’’


Post a Comment

1 Comments

  1. একদম ঠিক কথা বলেছেন!!! তবে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক!!!

    ReplyDelete