সাকিবকে দুই বছর আগেই জরিমানা করা উচিৎ ছিল: অর্থ উপদেষ্টা
পুঁজিবাজারে কারসাজির দায়ে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে আর্থিক খাতে অসৎ কর্মকাণ্ডের জন্য সাকিবকে আরও দুই বছর আগে জরিমানা করা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশে গত ১৫ বছরে দুর্নীতির মাত্রা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশে যে হারে দুর্নীতি হয়েছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।’’ এছাড়া, তিনি আরও বলেন, ‘‘কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হলেও তা বন্ধ হয়নি।’’
অর্থ উপদেষ্টা জানান, আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে। তিনি বলেন, ‘‘এ প্রণোদনা সারা জীবন দেওয়া সম্ভব নয়। যৌক্তিক কর ব্যবসায়ীদের দিতে হবে এবং আগামী বাজেটে প্রণোদনা কমানো হবে।’’
এছাড়া, তিনি বলেন, ‘‘ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করা হচ্ছে এবং ট্যাক্স পলিসি ও ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে।’’
উল্লেখ্য, ২০২২ সালে বিএসইসির এক তদন্ত প্রতিবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ উঠে। পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর বিএসইসি সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়।


1 Comments
কাউকেই ছাড় দেয়া যাবে না,সে যেই হোক না কেন!!!
ReplyDelete