যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) হোয়াইট হাউসের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।
ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বলেন, "কয়েক সপ্তাহ ধরে মার্কিন হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করছে। সম্প্রতি তারা হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ করেছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অব্যাহত হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুরের বিরুদ্ধে এই বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট বাইডেন কি এই বিষয়ে অবহিত আছেন? জাতিসঙ্ঘের অধিবেশনের মাঝে যখন প্রেসিডেন্ট তার বন্ধু এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন কি তিনি এই বিষয়টি আলোচনা করেছেন?"
এ প্রশ্নের জবাবে জন কিরবি বলেন, "আমরা বাংলাদেশের পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট বাইডেনও এ বিষয়ে নজর রাখছেন।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছে। আমরা এখন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে তারা আইন প্রয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে।"
জন কিরবি উল্লেখ করেন, "বাংলাদেশের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদ বারবার ধর্ম, জাতি নির্বিশেষে সকল বাংলাদেশীর নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।"


2 Comments
ভাল উদ্যোগ
ReplyDeleteহাসিনা খালার দালালরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দেখছি!!!
ReplyDelete