আয়কর রিটার্ন জমার তারিখ আরও এক মাস বাড়ল


চলতি অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আয়কর জমা দেয়ার নির্ধারিত সময় ছিল ৩০ নভেম্বর, তবে পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (খ) এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ করবছরের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে।

এভাবে এক মাস সময় বাড়ানোয় করদাতারা আরও কিছু সময় পেয়ে যাবেন তাদের আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য।