ভারতে ফিরে গেল আটকে পড়া ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে দীর্ঘ চার মাস ধরে ঢাকায় আটকে পড়া ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি অবশেষে ভারতে ফিরে গেছে। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী প্রবেশ করে ট্রেনটি।

এদিকে, ট্রেনটি যাত্রী ছাড়াই বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট পার করে। চার মাস ধরে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারে খোলা আকাশের নিচে পড়ে থাকলেও, অবশেষে ট্রেনটি ভারত ফিরে গেল। তবে, ট্রেনটির যাত্রী নিয়ে চলাচল আবার কবে শুরু হবে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, ৫ আগস্ট ভারত থেকে যাত্রী নিয়ে আসার পর ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এর পর থেকে ট্রেনটি ঢাকায় আটকে পড়েছিল। গত ১৭ জুলাই ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নিয়মিত রুটে ট্রেনটি হলদিবাড়ী বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করেছিল, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ট্রেনটি আটকে পড়ে।

গত ৯ ডিসেম্বর, দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর মিতালী এক্সপ্রেস ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন খালি বগিগুলি হলদিবাড়ী পর্যন্ত পৌঁছে দেয়। এরপর ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ দিয়ে ট্রেনটি হলদিবাড়ী স্টেশনের মেইনটেনেন্স শেডে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ জুন হলদিবাড়ী-চিলাহাটি রুটে মিতালী এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল। দীর্ঘ ৫৭ বছর পর পুনরায় চালু হওয়া এই ট্রেনটি এখন সাময়িকভাবে বন্ধ হয়ে গেল।

চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হায়দার আলী জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালী এক্সপ্রেস ঢাকায় আটকে ছিল, এবং আজ সকালে খালি বগিগুলো ভারতে পৌঁছানো হয়েছে। ভারতের ছয়জন স্টাফ ট্রেনটির এসি বার্থ, এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার গ্রহণ করেছেন।