পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, যা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহ কার্যক্রমে সহায়তা করার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা বিস্তার এবং ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।"
বিবৃতিতে আরও জানানো হয়, "পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
যে চারটি প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, তা হলো:
- ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স
- অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল
- আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড
- রকসাইট এন্টারপ্রাইজ
এদের মধ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল দায়িত্বে রয়েছে এবং এটি পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে থাকে। বাকি তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে।
এটি উল্লেখযোগ্য যে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণে অবদান রাখছে বলে অভিযোগ ছিল।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার জানান, পাকিস্তানের শাহিন-৩ এবং আবাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের জন্য টেস্টিং রকেট মোটর কেনার কাজে সহায়তা করে।
এদিকে, পাকিস্তান মার্কিন নিষেধাজ্ঞাকে 'একতরফা' এবং 'অন্যায়' বলে অভিহিত করেছে এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে।


2 Comments
Sad News
ReplyDeleteপাকিস্তানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা আছে অথচ ফিলিস্তিনের কত নিরীহ মানুষদের মেরে ফেলা হচ্ছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই!!!
ReplyDelete