শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সমর্থন আরব দেশগুলোর
সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লিগের আটটি দেশ। জর্ডানে আয়োজিত এক সম্মেলন শেষে শনিবার এ ঘোষণা দেওয়া হয়। এদিকে, সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া নিয়ে জর্ডানে এ সম্মেলনের আয়োজন করা হয় আরব লিগের পক্ষ থেকে। বন্দরনগরী আকাবায় অনুষ্ঠিত এ সম্মেলন শেষে যৌথ ঘোষণা দেন জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা।
যৌথ ঘোষণায় বলা হয়, সিরিয়ার নতুন সরকার অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং এতে সব ‘রাজনৈতিক ও সামাজিক শক্তির’ প্রতিনিধিত্ব থাকতে হবে। যেকোনো ধরনের জাতিগত, গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে সতর্ক করে বলা হয়, এসব নাগরিকের জন্য ন্যায্যতা ও সমতার প্রস্তাব রাখা হয়েছে।
এছাড়া, যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৫৪ রেজল্যুশনের মূলনীতির ওপর ভিত্তি করে জাতিসংঘ ও আরব লিগের সমর্থন নিয়ে এগিয়ে নেওয়া উচিত। ২০১৫ সালে এই রেজল্যুশন গৃহীত হয়েছিল সিরিয়া সংকট সমাধানের জন্য আলাপ-আলোচনার মাধ্যমে পথনকশা তৈরি করার লক্ষ্যে।
সম্মেলনের ফাঁকে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত গেইর পিডারসন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাদা বৈঠক করেন।


1 Comments
ইসরায়েল কি শান্তিপূর্ণ কোন সমাধান চায় এটা আগে দেখতে হবে!!!
ReplyDelete