যুক্তরাষ্ট্রে আপিলে হেরে নিষিদ্ধের পথে টিকটক


বিশ্বব্যাপী বিতর্কিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রি করার জন্য নির্ধারিত নতুন আইনকে সমর্থন করেছে। এর ফলে আগামী বছর, ২০২৫ সালের জানুয়ারি থেকে টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা ঘোষণা করা হয়েছে।

টিকটক, যা চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন, যুক্তরাষ্ট্রে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই করেছিল। তারা দাবি করেছিল, নতুন আইনটি অসাংবিধানিক। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ওই আইনটি বহাল রেখেছে এবং বলেছে, “কংগ্রেস ও একাধিক প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদি এবং দ্বিপক্ষীয় উদ্যোগের পরিণতি হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা ব্যর্থ হলেও, তিনি ২০২০ সালের নির্বাচনের প্রচারে জানিয়েছিলেন যে, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে দেবেন না।

রায়ের পর টিকটক জানিয়েছে, তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে নিয়ে যাবে। টিকটকের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, “মার্কিন জনগণের বাকস্বাধীনতার অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে এবং আমরা আশা করি, তারা এ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিবে।” টিকটক আরও দাবি করেছে, এই আইনটি “ভুল, ত্রুটিপূর্ণ এবং অনুমানমূলক তথ্যের” ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার টিকটক নিষিদ্ধ করার কারণ হিসেবে চীনা সরকারের সঙ্গে প্ল্যাটফর্মটির সম্পর্কের বিষয়টি তুলে ধরলেও, টিকটক এবং তার মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।