সৌদি আরবে কেন ছুটছেন তারকারা?
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা বাস্তবায়নের পর থেকে সৌদি আরবের সিনেমা জগতের নতুন যাত্রা শুরু হয়েছে। ২০১৮ সালে বিনোদন জগতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর, ২০১৯ সালে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসব। এর পর থেকে সৌদি আরবের চলচ্চিত্র ও বিনোদন দুনিয়া আন্তর্জাতিকভাবে বড় তারকাদের উপস্থিতি দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে।
এবার, বৃহস্পতিবার জেদ্দায় শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। এই উৎসবটি ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এতে ৮১টি দেশের মোট ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে ১৬টি চলচ্চিত্র। এই বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।
উৎসবের সূচনা হয়েছে মিসরীয় নির্মাতা করিম শেনাওয়ের ‘দ্য টেল অব দায়িজ ফ্যামিলি’ সিনেমাটি দিয়ে। উৎসবের পর্দা নামবে মাইকেল গ্রেসির ‘বেটার ম্যান’ সিনেমার মাধ্যমে, যা ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এছাড়া, উৎসবে প্রদর্শিত হবে জনি ডেপ পরিচালিত ‘মোদি: থ্রি ডেজ অন দ্য উইং অব ম্যাডনেস’ সিনেমাটি, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ।
এছাড়া, এই উৎসবে পাবলো লরেইনের ‘মারিয়া’ ছবিটি প্রদর্শিত হবে, যার প্রধান চরিত্রে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। উৎসব কর্তৃপক্ষ জানায়, এবারের উৎসবে প্রদর্শিত সিনেমার প্রায় ৫০ শতাংশই হবে প্রথমবারের মতো প্রিমিয়ার। চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বলিউড তারকা আমির খান ও হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্টকে।
উৎসবের উদ্বোধনী দিনেই তাঁদের সম্মাননা প্রদান করা হয় এবং পরবর্তীতে অংশ নেন আলোচনায়। দ্বিতীয় দিনে বলিউড তারকা কারিনা কাপুর খান ‘ইন কনভারসেশন উইথ কারিনা কাপুর’ শিরোনামের বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন। হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া এক অনুষ্ঠানে যোগ দেবেন, এবং বলিউড অভিনেতা রণবীর কাপুর উৎসবের চতুর্থ দিনে অংশ নেন। এছাড়া, জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এবারের উৎসবে উপস্থিত থাকবেন।
উৎসবে অংশগ্রহণকারী অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন মিসরীয় অভিনেত্রী মোনা জাকি, হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, নির্মাতা স্পাইক লি, হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডসহ আরও অনেকে।


1 Comments
সৌদি আরবে সিনেমা!!! এটি কি কিয়ামতের আলামত নাকি???
ReplyDelete