ভোটার হওয়ার আহ্বান ইসির
২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া যেসব নাগরিক এখনও ভোটার হননি, তাদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) আহ্বান জানিয়েছে। এ জন্য তারা সংশ্লিষ্ট থানা বা উপজেলা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। ইসি গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করার জন্য ২ জানুয়ারির আগে আবেদন জানাতে বলেছিল। আজ সেই বিজ্ঞপ্তি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যেসব নাগরিক ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন এবং এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার জন্য নিবন্ধিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ করা হয়, এরপর দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া, আগামী বছর ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি।


1 Comments
ভোট আমাদের রাজনৈতিক অধিকার। আমার ভোট আমি দিব ভাবতেও ভালো লাগছে!!!
ReplyDelete