Editors Choice

3/recent/post-list

আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল

আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অভিযোগ করেছেন, প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুটপাট করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং এই ব্যাংকগুলোকে পঙ্গু করে দেয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল জানান, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর ব্যাপারে এক ধরনের বিশ্বাস রাখেন, কারণ তারা হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠান। তবে, দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাংকগুলোকে লক্ষ্য করে টাকা পাচারের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবার ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, এবং সরকার অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে। তবে, দূতাবাসগুলো ঠিকভাবে কাজ করছে না, যার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করেন তিনি। তিনি বলেন, বিদেশি দূতাবাসে প্রবাসীরা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাইয়ের অভ্যুত্থানে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ ও প্রশিক্ষিত প্রবাসী কর্মীদের দেশে আনার আহ্বান জানান। পাশাপাশি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতি জোর দেন তিনি।

Post a Comment

0 Comments