নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে গত কয়েক মাসে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি এসময় রাখাইনের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে একটি সেফ জোন গঠনের পক্ষে মত প্রকাশ করেন।
মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের সাথে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বর্তমানে কায়রোতে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গা সঙ্কট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয়।
ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা মানবিক সঙ্কটসহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, "আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি।"
এদিকে, বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং মানবিক সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


0 Comments