তারেক রহমানের পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, "আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।"

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে শাহাদত বরণকারী দেশের প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "তাদের রূহের মাগফিরাত কামনা করি।"

তিনি আরও বলেন, "শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ ও মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনী এবং তাদের দোসররা স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছিল।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, "স্বাধীনতার পর অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে। এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনদিন দুর্বল হয়ে পড়ে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ হয়ে যায়।"

তিনি অভিযোগ করেন, "আজকের শাসকরা শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। তারা বিভেদ, অনৈক্য, সংকীর্ণতা, গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে জাতিকে একতাবদ্ধ করতে চেয়েছে এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।"

শেষে তারেক রহমান বলেন, "আজকের এ শোকাবহ দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানাই- আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি।"

তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।