Editors Choice

3/recent/post-list

জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার

 জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার


আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠকে মিলিত হবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে নিউইয়র্কের জাতিসঙ্ঘ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকটি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রধান উপদেষ্টার সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ্র সাথেও তার বৈঠক নির্ধারিত রয়েছে।

এছাড়া ২৫ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে বৈঠক করবেন। ২৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সাথেও তার বৈঠক হবে।

অধ্যাপক ইউনূসের নিউইয়র্ক সফরে আরও অনেক গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন, জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা এবং জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

এছাড়াও, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার এবং ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে তার সফরসঙ্গীদের নিয়ে সোমবার কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। ঢাকা থেকে সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে।

ড. ইউনূস ২৪ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সদর দফতরে ইউএনজিএ’র উচ্চ পর্যায়ের সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

Post a Comment

0 Comments