Editors Choice

3/recent/post-list

জাতিসংঘে পশ্চিমাদের প্রতি এরদোগানের কড়া সতর্কবার্তা

জাতিসংঘে পশ্চিমাদের প্রতি এরদোগানের কড়া সতর্কবার্তা

গাজা সংকট এবং পশ্চিমা দেশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি ইসরাইলকে অভিযুক্ত করে বলেছেন, গাজা উপত্যকাকে শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করছে তারা। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এরদোগান বলেন, "গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘের নীতি ও ন্যায়বোধ। পশ্চিমা দেশগুলোর মূল্যবোধও ধ্বংস হচ্ছে। মানবতার টিকে থাকার আশাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে।"

তিনি সরাসরি প্রশ্ন করেন, "গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মানুষ কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই?"

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে এরদোগান বলেন, নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু এবং তার ‘হত্যাকারী নেটওয়ার্ক’কে থামানোর আহ্বান জানান তিনি। এমনকি নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেন এরদোগান। 

তিনি বলেন, "যেমন ৭০ বছর আগে মানবতার জোট হিটলারকে থামিয়েছিল, তেমনি এখন নেতানিয়াহুকেও থামানো উচিত।"

এরদোগান অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন, "বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং গাজায় মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা জরুরি।"

এদিন এরদোগানের পাশাপাশি জর্ডান ও কাতারের নেতারাও জাতিসংঘে গাজার যুদ্ধের বিরুদ্ধে সরব হন।



Post a Comment

0 Comments