ড. ইউনূসের সাথে বৈঠক: অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জো বাইডেনের
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ড. ইউনূসের প্রতি ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন। বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের ছাত্রদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করছে, এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হতে পারে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, "যদি দেশের ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদের দেশের জন্য আরও কিছু করা উচিত।"
ড. ইউনূস তার বক্তব্যকে আরও স্মরণীয় করতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রগুলোর ছবি সংবলিত একটি বিশেষ বই ‘দ্যা আর্ট অব ট্রায়াম্ফ’ প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন।
এই বৈঠকটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


0 Comments