রোহিঙ্গাদের ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২,১৮৯ কোটি টাকা (ডলারের বিনিময় হার ১১০ টাকা ধরে)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এই অনুদানের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই ১৯৯ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৭০ মিলিয়ন ডলার প্রদান করবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ, এবং বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি (USAID)। ইউএসএআইডির এই অর্থের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার আসবে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে এবং শরণার্থীদের দ্রুত মিয়ানমারে ফেরার জন্য প্রস্তুত করবে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র ২.৫ বিলিয়ন ডলারের বেশি আর্থিক অনুদান দিয়েছে। এর মধ্যে ২.১ বিলিয়ন ডলারই এসেছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য, এবং এর অধিকাংশ অর্থই পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগের মাধ্যমে প্রদান করা হয়েছে।


0 Comments