শ্রীলঙ্কায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন!
শ্রীলঙ্কায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন, যা নজিরবিহীন অর্থনৈতিক সংকটের পর দেশটির প্রথম নির্বাচন। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২২ সালে অর্থনৈতিক মন্দার জেরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরিস্থিতির চাপে রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হন এবং পরে রনিল বিক্রমাসিংহে ক্ষমতায় আসেন।
বিক্রমাসিংহে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হন এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করেন। এখন তিনি নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ম্যান্ডেট চাইছেন। তবে তার কর বৃদ্ধি ও ইউটিলিটি ভর্তুকি কমানোর মতো কঠোর অর্থনৈতিক নীতিগুলো সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
বিক্রমাসিংহে চীনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ঋণদাতার সঙ্গে শ্রীলঙ্কার ৪৬ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ পুনর্গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যা ২০২২ সালে দেশের খেলাপি হওয়ার পর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের প্রচারের শেষ দিনগুলোতে তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন সেই কঠিন সময়ের কথা, যখন শ্রীলঙ্কা খাদ্য, জ্বালানি ও ওষুধের অভাবে নিদারুণ সংকটে পড়েছিল। বিক্রমাসিংহে বলেন, 'আপনারা সেই সঙ্কটের দিকে ফিরে যেতে চান, নাকি অগ্রগতির পথে এগিয়ে যাবেন?'
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শ্রীলঙ্কার অর্থনীতি এখনও দুর্বল। যদিও কিছু পুনরুদ্ধার হয়েছে, তবু ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের পরিশোধ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। বিক্রমাসিংহে নির্বাচিত হলে কঠোর অর্থনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, এই নির্বাচন মূলত বিক্রমাসিংহের অর্থনৈতিক সংকট মোকাবিলার কৌশল ও পুনরুদ্ধার প্রচেষ্টার ওপর একটি গণভোট হিসেবে গণ্য হবে।
বিক্রমাসিংহের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী
হলেন অনুরা কুমারা দিসানায়াকা ও সজিথ প্রেমাদাসা। দিসানায়াকা একসময়ের প্রান্তিক মার্কসবাদী দলনেতা, যিনি ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে দুটি ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সহিংস অতীতের কারণে তিনি সমালোচিত হলেও বর্তমান রাজনৈতিক সংকটে তার জনপ্রিয়তা বেড়েছে। তিনি শ্রীলঙ্কার দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে সমর্থন অর্জন করেছেন।
অন্যদিকে সজিথ প্রেমাদাসা হলেন শ্রীলঙ্কার বিরোধী নেতা এবং ১৯৯৩ সালে গৃহযুদ্ধ চলাকালীন নিহত সাবেক প্রেসিডেন্ট রানাসিংহ প্রেমাদাসার ছেলে। তিনি নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনের ফলাফল শ্রীলঙ্কার ভবিষ্যৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


0 Comments