প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশিত হবে



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল আজ প্রকাশিত হতে পারে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর প্রার্থীরা এই ফল দেখতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এবার তিন ধাপে সম্পন্ন হয়েছে। 

প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও, তৃতীয় ধাপের ফল প্রকাশ করতে দেরি হওয়ায় প্রার্থীরা উদ্বিগ্ন ছিলেন। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়ে ছিল, যার কারণে ফল প্রকাশে বিলম্ব ঘটে। তবে সম্প্রতি তারা স্পষ্ট নির্দেশনা পেয়েছে, ফলে আজ ফল প্রকাশের আশা রয়েছে।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার জন্য প্রকাশ করা হয়। চলতি বছরের ২৯ মার্চ এই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২২ এপ্রিল লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করে ৪৬ হাজার ১৯৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এরপর প্রার্থীদের নিজ নিজ জেলার শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।