মিরপুর-১০ স্টেশন পুনরায় চালু হচ্ছে আজ

আজ, মঙ্গলবার, পুনরায় কার্যক্রম শুরু হচ্ছে মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশনের। গত ৮৮ দিন বন্ধ থাকার পর ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে স্টেশনটির পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, যার ফলে মিরপুর-১০ স্টেশনটি আবারও চালু করা সম্ভব হচ্ছে। 

গত ১৯ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটিতে ভাংচুর চালায়। ভাংচুরের শিকার হয় টিকিট ভেন্ডিং মেশিন, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ অন্যান্য সরঞ্জাম।

কাজীপাড়া স্টেশন ২০ সেপ্টেম্বর মেরামত শেষে পুনরায় চালু করা হয়, এবং যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয়েছে।
এদিকে, মেট্রোরেল গত ৩৭ দিন বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে আবার চলাচল শুরু করেছে। এখন মিরপুর-১০ স্টেশনটি যাত্রীদের জন্য প্রস্তুত।