জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু


আজ থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত জুলাই ও আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম। ট্রাইব্যুনালে নিয়োগপ্রাপ্ত নতুন বিচারকদের সঙ্গে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ আবেদন করা হবে। জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনাল বসবে, যা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করে আসছে। এবার এখানে ২৪-এর গণঅভ্যুত্থান দমনে সংঘটিত নিপীড়ন ও হত্যাযজ্ঞের বিচার হবে, যেখানে মূল আসামী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার সহযোগীরা।
মূল ভবনের সংস্কার কাজ শেষের দিকে থাকলেও আপাতত টিনশেডের এজলাসেই বিচার কার্যক্রম চলবে। এখন পর্যন্ত তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে ৫৬টি অভিযোগ জমা পড়েছে এবং চার্জ ফ্রেমিংয়ের কাজ চলছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য বিদেশ থেকে আইনজীবী নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
এদিকে, বিতর্কমুক্ত একটি বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আশাবাদী নতুন প্রসিকিউশন টিম। তবে সাক্ষীদের নিরাপত্তা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আইন এবং রাজনৈতিক দলকে সাজা দেওয়ার বিষয়ে যে সংশোধনের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক মান নিশ্চিত করার ক্ষেত্রে সেগুলোর প্রভাব কতোটা হবে, তা অধ্যাদেশ জারির পর বোঝা যাবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠন করা হয়েছে।