ভিসা প্রদান ভারতীয় অভ্যন্তরীণ বিষয়: ভূমি উপদেষ্টা
ভারতে ভিসা প্রদান বা না প্রদান একটি অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। তিনি বলেন, “ভারত এখন ভিসা প্রদান নিয়ে কিছুটা বিধিনিষেধ আরোপ করেছে, তবে এটি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।”
তিনি শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। উপদেষ্টা আরো জানান, “বাংলাদেশে সৌদিভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ামি ২০০০ সাল থেকে বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা এখন বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আবেদন করার সুযোগও প্রদান করছে।”
উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আরও বলেন, “কক্সবাজারের উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তায় ওয়ামি আন্তর্জাতিক মানবিক কার্যক্রমে সহায়তা প্রদান করছে। ১৯৮১ সালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ওয়ামি আন্তর্জাতিক যুব কনফারেন্স আয়োজন করেছিল, যার প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”
এছাড়া, অনুষ্ঠানে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, “বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় পাশে থাকবে, কারণ বাংলাদেশের মুসলিম জনগণ সংখ্যাগরিষ্ঠ।”
এ সময় ওয়ামি বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু এবং গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ওয়ামি কমপ্লেক্সে একটি হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। ওয়ামি কমপ্লেক্স ভবনে একটি মসজিদ, এতিম শিশুদের জন্য আবাসন ব্যবস্থা, ক্যাডেট মাদরাসা, লাইব্রেরি, আইটি প্রশিক্ষণ সেন্টারসহ বিভিন্ন সুবিধা থাকবে। ভবিষ্যতে হাসপাতাল, স্কুল, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্লে-গ্রাউন্ড নির্মাণের পরিকল্পনাও রয়েছে।


2 Comments
এগিয়ে যান!!!
ReplyDeleteRight.
ReplyDelete