পাকিস্তানে রাস্তায় বোমা বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশ কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ির কাছে মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত শক্তিশালী বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) বেলুচিস্তানের মাসতুং জেলায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান ফতেহ মোহাম্মদ জানান, হামলার সময় স্কুলের বাচ্চাদের বহনকারী একটি মোটরচালিত রিকশা কাছাকাছি ছিল, যার কারণে শিশুদের মধ্যে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
এ হামলার দায় কেউ তাৎক্ষণিকভাবে স্বীকার না করলেও, সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ওপর হামলা বাড়িয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো, তাই তাদেরকেই এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি উভয়েই এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে, যেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রধানত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বিদেশিদেরও টার্গেট করছে; গত মাসে করাচির একটি বিমানবন্দরের কাছে চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলায় দুই চীনা শ্রমিক নিহত হন।
চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং এই সপ্তাহে পাকিস্তানে চীনা নাগরিকদের বিরুদ্ধে হামলার জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন যে, পাকিস্তান চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, পাকিস্তানের একটি হোটেল চেইন জানিয়েছে যে, সরকার নির্দেশ দিয়েছে চীনা অতিথিদের নিরাপত্তার জন্য বোমা বা বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করতে হবে।


4 Comments
এটি খুবই দুঃখজনক ঘটনা!!! অপরাধীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ReplyDeleteদুঃখজনক
ReplyDeleteঅত্যন্ত দুঃখজন।
ReplyDeleteআমরা মর্মাহত।
ReplyDelete