বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। শুক্রবার (১৫ নভেম্বর) ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এই বিদ্যুৎ রফতানি শুরু হয়, যার মধ্য দিয়ে নেপাল প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে শুরু করলো।
ভারত সরকারের জনসংযোগ বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ রফতানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে বাংলাদেশে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে জানান, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে একদিন বিদ্যুৎ রফতানি করবে নেপাল। তবে ২০২৫ সালের ১৫ জুন থেকে নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা উপস্থিত ছিলেন।
গত মে-জুনে, নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ভারতের সফরে গিয়ে বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন। এরপর ৩ অক্টোবর এ চুক্তির চূড়ান্ত স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রফতানি করবে। এক ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার), যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে সাত টাকা।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ফলে বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
এটি শুধু নেপাল এবং বাংলাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বরং দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ খাতে নতুন দিগন্তের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।


1 Comments
আলহামদুলিল্লাহ!!!!
ReplyDelete