নারী ফুটবলের ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল বাংলাদেশ
অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ নারী ফুটবল দল দেশবাসীকে আনন্দে ভাসিয়েছে। সাফ অঞ্চলে টানা দুই শ্রেষ্ঠত্বের পর এখন এশিয়ান পর্যায়ে আরও উন্নতি করতে চাইছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এদিকে, ফিফা নারী ফুটবলের হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় একটি সুখবর এসেছে বাংলাদেশের জন্য। বর্তমান র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৩২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ আগস্টে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৩৯।
বর্তমান র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের উপরে অবস্থান করছে ভারত এবং নেপাল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের কাছে হারানো নেপাল র্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়ে ১০৪ নম্বরে অবস্থান করছে। ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯ নম্বরে রয়েছে। বাংলাদেশের পর রয়েছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) এবং ভুটান (১৭২)।
২০২৪ সালের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর নারী ফুটবল দল যুক্তরাষ্ট্র, আগেও তারা শীর্ষে ছিল। এক ধাপ করে এগিয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছে স্পেন এবং ৩ নম্বরে রয়েছে জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে বর্তমানে ৪ নম্বরে রয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দলের এযাবৎকালের সেরা র্যাঙ্কিং ছিল ১০০, যা তারা ২০১৭ সালে অর্জন করেছিল। সর্বশেষ তিন বছর ধরেই বাংলাদেশ ১৪০ নম্বরে থেকে ডিসেম্বর শেষ করেছিল।
অক্টোবর মাসে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায়। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সাবিনা খাতুনরা।


3 Comments
েএগিয়ে যাও
ReplyDeleteঅভিনন্দন!
ReplyDeleteঅভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দলকে!!! অনেক অনেক শুভকামনা রইল!!!
ReplyDelete