Editors Choice

3/recent/post-list

বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে, তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।

আজ (১৬ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজকের এই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা-কর্মী উপস্থিত থাকবে না।

এতে আরো বলা হয়েছে, বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রপতির আমন্ত্রণে অংশগ্রহণ করাকে সংগঠনটি গণঅভ্যুত্থানের উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নিরব সোমবার দুপুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।”

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশী কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

Post a Comment

1 Comments

  1. এরকম সরাসরি অপমান উনি হজম করলেন কিভাবে????

    ReplyDelete