বাশার আল-আসাদের অবস্থান নিশ্চিত করল রাশিয়া

ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিবারসহ রাশিয়ার মস্কোতে পৌঁছেছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসাদ এবং তার পরিবারকে রাশিয়া মানবিক কারণে আশ্রয় দিয়েছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ মস্কোতে পৌঁছেছেন এবং রাশিয়া তাদের আশ্রয় প্রদান করেছে।

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। রোববার আলজাজিরা জানায়, বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, "অত্যাচারী বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারী বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।"

বিদ্রোহীদের তোপের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার সেনাবাহিনী দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে। এর মাধ্যমে প্রায় দুই দশক ধরে চলা সিরীয় সরকার পতনের পর বাশার আল-আসাদের অবস্থান নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেল।