Editors Choice

3/recent/post-list

আজ থেকে ওপেন মার্কেট সেলের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি

আজ থেকে ওপেন মার্কেট সেলের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি


সরকার আজ মঙ্গলবার থেকে রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। 

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া সোমবার বাসসকে জানান, “নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য, যেমন আলু, ডিম, পেঁয়াজ ও পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি।”

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে রাজধানীতে একটি পাইলট প্রকল্পের আওতায় নিম্ন-আয়ের গোষ্ঠীর জন্য ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করা হবে।

আজ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।

কৃষি সচিব জানান, “মঙ্গলবার বেলা ১১টায় আবদুল গনি রোডে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রির উদ্বোধন করবো।” 

প্রতিটি কেজি আলুর দাম হবে ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম বিক্রি হবে।

তিনি আরও জানান, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল পণ্য সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে। আগামী দুই সপ্তাহের জন্য অন্তত ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয়, তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

গতকাল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) প্রয়োজনীয় সহায়তা দেবে।


Post a Comment

2 Comments

  1. প্রশংসনীয় উদ্যোগ।তবে এটি শুধু রাজধানীতে রেখেই হবে না ধীরে ধীরে সকল স্থানে এর প্রসার ঘটাতে হবে।

    ReplyDelete
  2. প্রশংসনীয় উদ্যোগ!

    ReplyDelete