ছাত্র আন্দোলনে হামলা: ১৬৯৫ মামলায় গ্রেফতার ৩১৯৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ও হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬৯৫টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৭৪ জন হাইপ্রোফাইলসহ ৩১৯৫ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। 

রোববার (১৩ অক্টোবর) রাতে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফলে তৈরি জনাকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”

এআইজি ইনামুল হক সাগর আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে যারা নির্মমভাবে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ১৬৯৫টি মামলা করা হয়েছে। এই জঘন্য কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় ৭৪ জনসহ অক্টোবর মাসেই ৩১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

তিনি বলেন, “বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে, যা এখনও চলমান।”

এছাড়া, এআইজি ইনামুল হক সাগর আরও নিশ্চিত করেন যে, পুলিশের সেবা হবে হয়রানিমুক্ত ও জনবান্ধব। তিনি বলেন, “কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করবে পুলিশ।”