তারল্য সহায়তায় দুর্বল সাত ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা সহায়তা, সবচেয়ে বেশি পেল ইসলামী ব্যাংক
দেশের দুর্বল সাতটি ব্যাংকের তারল্য ঘাটতি মেটাতে সবল ৯ ব্যাংক ৬ হাজার ৫৮৫ কোটি টাকা সহায়তা দিয়েছে। এ সহায়তার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে ইসলামী ব্যাংক, যা ২ হাজার ৯৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে এই সহায়তার জন্য সবল ব্যাংকগুলো থেকে ১১ হাজার ১০০ কোটি টাকা চাওয়া হয়েছিল।
হুসনে আরা শিখা আরও বলেন, ইসলামী ব্যাংক ৭টি ব্যাংক থেকে সবচেয়ে বেশি অর্থ পেয়ে ২ হাজার ৯৫ কোটি টাকা নিয়েছে। এছাড়া, অন্যান্য ব্যাংকগুলোর সহায়তার পরিমাণও উল্লেখযোগ্য ছিল: সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে ১ হাজার ১৭৫ কোটি টাকা (৬ ব্যাংক থেকে), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ১ হাজার কোটি টাকা (৬ ব্যাংক থেকে), ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৯২০ কোটি টাকা, এক্সিম ব্যাংক পেয়েছে ৭০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।
যে ব্যাংকগুলো তারল্য সহায়তা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেছেন, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সহায়তা দেওয়া হবে, তবে সর্বপ্রথম আমানতকারীদের স্বার্থ বিবেচনা করা হবে।
এছাড়া, গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে একটি সভা করেন। ওই সভায় তিনি শক্তিশালী ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ করেছেন।


1 Comments
এরকম সম্প্রীতির বন্ধন অটুট ও অক্ষুন্ন থাকুক!!!
ReplyDelete