Editors Choice

3/recent/post-list

কারওয়ান বাজারে হকারদের উচ্ছেদ: ফুটপাতে ফের বসার চেষ্টা, অভিযান চলমান

কারওয়ান বাজারে হকারদের উচ্ছেদ: ফুটপাতে ফের বসার চেষ্টা, অভিযান চলমান



রাজধানীর কারওয়ান বাজারে রাস্তাঘাট ও ফুটপাত থেকে গতকাল রাতে হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে আজ মঙ্গলবার সকালে আবারও কয়েকজন হকার পণ্য ও সবজি নিয়ে ফুটপাতে বসতে দেখা যায়। যদিও যৌথ বাহিনীর টহলদল উপস্থিত হলে অনেকেই পণ্য সরিয়ে চলে যায়, কিন্তু কিছু হকার আবারও ফুটপাতে বসে যান। 


গতকাল রাত আটটা থেকে রাত ১১টা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শত শত হকার উচ্ছেদ করা হয়। রাতভর চলা এই অভিযানকে কেন্দ্র করে কারওয়ান বাজারের রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত রাখা হয়েছিল। 


আজ সকালে, আবারও হকাররা তাদের পণ্য নিয়ে ফুটপাতে বসে পড়ে। সকাল ১০টার দিকে যৌথ বাহিনী সেখানে পরিদর্শনে এলে কিছু হকার দ্রুত সরে যায়, তবে কয়েকজনকে সরে যেতে ১০ মিনিট সময় দেওয়া হয়। 


পথচারীরা জানাচ্ছেন, প্রতিদিন কারওয়ান বাজারের রাস্তা ও ফুটপাতে পণ্য সাজিয়ে বসে থাকার কারণে এলাকাটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, পিকআপ ও অন্যান্য গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ফলে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে।


যৌথ বাহিনীর কর্মকর্তা, জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার শুকুর মাহমুদ খান বলেন, "এখন থেকে এই এলাকায় ফুটপাতে বসার অনুমতি দেওয়া হবে না। গত রাতের উচ্ছেদ অভিযানের পর সকালে আবার হকাররা বসার চেষ্টা করেছিল, তাদের সরে যেতে ১০ মিনিট সময় দেওয়া হয়েছে।"


তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, "এখন থেকে প্রতিদিনই মনিটরিং করা হবে, যেন কোনো হকার রাস্তা ও ফুটপাতে বসে সেগুলো দখল করতে না পারে।"


এদিকে, স্থানীয়দের অভিযোগ, যদি এই উচ্ছেদ অভিযান নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত না হয়, তাহলে হকাররা পুনরায় দখল করতে পারে এই গুরুত্বপূর্ণ এলাকা।

Post a Comment

1 Comments

  1. আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হই তবেই দেশের উন্নতি সম্ভব।

    ReplyDelete