পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অবরুদ্ধ, ৪০০০ গ্রেপ্তার, ব্যাপক সংঘর্ষ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্তৃক ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, এবং বিক্ষোভের মুখে প্রায় চার হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা ইসলামাবাদে ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দেয়, কিন্তু এদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ এবং জমায়েত।
পাঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শহিদ নেওয়াজ জানান, পুলিশ ইতিমধ্যে প্রায় চার হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করেছে, তাঁদের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনগুলো সুরক্ষিত রাখতে ওই এলাকার চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘‘যে কেউ ওই এলাকায় আসবেন, তাঁকেই গ্রেপ্তার করা হবে।’’
এদিকে, খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে পিটিআই সমর্থকদের গাড়িবহর ব্রাহমা মোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এছাড়া, পাঞ্জাবের অন্যান্য এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন, সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
আলোচনার বিষয়ে পিটিআই চেয়ারম্যানের বক্তব্য
পিটিআই চেয়ারম্যান গহর আলী খান সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং এর সর্বশেষ অগ্রগতি শিগগিরই জানানো হবে। তিনি বলেন, ‘‘এটি আমাদের চূড়ান্ত ডাক’’ এবং বিক্ষোভ স্থগিত করার গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেন।
এছাড়া, ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাতাবাদ থানায় দুটি মামলা করা হয়েছে। গুজরানওয়ালায় সৌদি আরবের সমালোচনা করার জন্য বুশরার বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের হয়েছে।
পাকিস্তানে এই বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, এবং রাজনৈতিক অস্থিরতার গভীরতা বাড়ছে।


1 Comments
বাংলাদেশের মতো অবস্থা হবে নাকি????
ReplyDelete