সপ্তাহে ২০০ শহিদ পরিবার পাবে আর্থিক সহায়তা
জুলাই বিপ্লবে শহিদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ আগামীকাল (২ নভেম্বর) থেকে প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারের কাছে ৫ লাখ টাকা করে সহায়তা পৌঁছে দিতে শুরু করবে।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম। তিনি বলেন, শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে প্রথম দফায় ঢাকা বিভাগের শহিদ পরিবারের কাছে এই অর্থ প্রদান করা হবে। তবে ঢাকার সব শহিদ পরিবার কাল উপস্থিত হবেন না; যাদের সহায়তা দেওয়া হবে, তাদের সঙ্গে পূর্বে যোগাযোগ করা হয়েছে।
সারজিস আলম আরও জানান, প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদের সহায়তা পৌঁছে দেওয়া হবে, এবং আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সব পরিবারের কাছে সহায়তা পৌঁছবে। আগামীকাল ২০০ পরিবারের মাঝে সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি ভাগে অর্থ বিতরণ করা হবে, যাতে কেউ দীর্ঘ সময় অপেক্ষা না করে।
ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা বিভাগের শহিদের সংখ্যা দুইশর বেশি। তাঁদের সহায়তার পর আট বিভাগে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া আহতদের জন্য ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
সারজিস আলম জানান, জরুরি সহযোগিতার প্রয়োজন হলে হেলপলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। এছাড়া, পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যেখানে যারা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।


4 Comments
আলহামদুলিল্লাহ!!! বাংলাদেশ এভাবেই এগিয়ে যাক।
ReplyDeleteভাল সিদ্ধান্ত
ReplyDeleteভাল সিদ্ধান্ত! দীর্ঘমেয়াদী ভাতার ব্যবস্থা করুন।
ReplyDeleteভাল সিদ্ধান্ত।
ReplyDelete